স্পোর্টস ডেস্ক
শেষ ক’বছর ধরেই স্কোয়াড গভীরতা নিয়ে ভুগছে বার্সেলোনা। সে সংকট এড়াতে কোচ রোনাল্ড কোম্যান জানালেন, রক্ষণ ও আক্রমণে কমপক্ষে আরো একজন করে খেলোয়াড় প্রয়োজন তার।
গত শনিবার সংবাদ সম্মেলনে কোচ কোম্যান বলেন, ‘দুটো জায়গা আছে যেখানে খেলোয়াড় ভেড়ালে ভালোই হবে। আমাদের একটা সেন্টারব্যাক আর একজন স্ট্রাইকার প্রয়োজন।’
লুই সুয়ারেজের ফেলে যাওয়া শূন্যতা পূরণে লিও ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইকে দলে ভেড়াতে চাইছে বার্সা। আর রক্ষণের শক্তি বাড়াতে ম্যানচেস্টার সিটির এরিক গার্সিয়ায় চোখ আছে দলটির। এ নিয়ে কোম্যান বলেন, ‘এটা সত্য যে আমরা গার্সিয়াকে এখানে চেয়েছিলাম। আমাদের তিন কি চার জন সেন্টারব্যাক আছে যা কিছুটা আঁটোসাঁটো হয়ে যায়!’ তবে কাতালানদের হাতে সময় নেই একেবারে। আজ সোমবারই যে দলবদলের সময়সীমা শেষ! চলতি দলবদলেই খেলোয়াড় ভেড়াতে পারবেন কি না এ নিয়ে কিছুটা দ্বিধাই ঝরে পড়ল কোম্যানের কণ্ঠে, ‘সোমবার পর্যন্ত সময় আছে আমাদের। আশা করছি, এটা করতে পারব আমরা। কিন্তু আমরা জানি পরিস্থিতিটা অর্থনৈতিকভাবে বেশ কঠিন। আগ্রহ আছে কিন্তু আমরা জানি না এটা আমরা করতে পারব কি না।’
তবে আক্রমণে দলের বিকল্প নিয়ে বেশ সন্তুষ্ট কোম্যান। সংকট কেবল একজন সেন্টার ফরোয়ার্ডেরই। তিনি বলেন, ‘আক্রমণে অনেক প্রতিযোগিতা আমাদের। সেখানে বেশ কিছু গুণসম্পন্ন খেলোয়াড় আছে আমাদের। যেমন, আনসু ফাতি, কুনার্দ দে লা ফন্তে, উসমান দেম্বেলে, আন্তনিও গ্রিজমানসহ আরো অনেকে!’ শেষ দিনে বার্সার অপেক্ষাটা তাই কেবল একজন ডিফেন্ডারের।
