ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার ক্রিস ওকস। ব্যাট ও বল হাতে দারুণ একটি ইংলিশ গ্রীষ্ম কাটানোর পর প্রথমবারের মতো বর্ষসেরার পুরস্কার ‘রেগ হায়টার কাপ’ জিতলেন ৩১ বছর বয়সি ওকস। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ জয়ে তার বড় অবদান ছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজেও উজ্জ্বল ছিলেন তিনি; বিশেষ করে প্রথম টেস্টে ব্যাট হাতে খেলেছিলেন ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস। গর্বিত ওকস বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত ও সৌভাগ্যবান বোধ করছি। এর আগে দুর্দান্ত সব ক্রিকেটাররা এই পুরস্কার জিতেছেন। তাদের সারিতে ওঠা দারুণ এক অনুভূতি।’
