নাটোর পৌরসভার নীচাবাজার বেহাল

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৪

নাটোর পৌরসভার নীচাবাজারের টিনশেড ও সিলিং জরাজীর্ণ হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই ভিজে যাওয়াসহ ঝুঁকিতে রয়েছেন ক্রেতা-বিক্রেতারা। কারণ যেকোনো সময় ঝাঁজরা টিনের টুকরো ক্রেতা-বিক্রেতাদের গায়ে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। বাজার করতে আসা সোহেল, আরমান, জলিলসহ অনেকেই জানান, আগে নীচাবাজারের রাস্তা জরাজীর্ণ ছিল। তখন পা কাঁদায় মেখে যেতো, প্যান্টের পায়ের কাপড় মুড়িয়ে বাজার করতাম। আর এখন মাথা ভিজে যায়। আবার ছাদের নিচে কাঁচাবাজার ও গোশত কিনতেও ভয় লাগে। কখন যেন সিলিং ধসে মাথায় পড়ে। তারা টিনশেড ও সিলিং মেরামতের জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। নীচাবাজারের বিক্রেতা ও মাছকুটানিরা বলেন, আমরা সবসময়ই ভয়ে থাকি কখন যে সিলিংয়ের চলটা খসে পড়ে। আমরা নির্ধারিত খাজনা ঠিকই দেই, কিন্তু পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও টিনশেড ও সিলিং মেরামত হয় না।  গেল বছরই সিলিংয়ের চলটা খসে এক বয়স্ক বিক্রেতার মাথা ফেটে গেছে। নাটোর পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান মাসুম বলেন, গত ৩০ সেপ্টেম্বর নাটোর পৌরসভার বোর্ড মিটিংয়ে নীচাবাজার ও গেদু সুপার মার্কেট ভেঙে নতুন করে তৈরি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এতদিন এই গুরুত্বপূর্ণ বাজারের কোনো সংস্কারের সুযোগ ছিল না। এবার হবে। উল্লেখ্য, নীচাবাজার নাটোর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। এখানে ভোরে পাইকারী বাজার থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে বেচা কেনা।