বগুড়ার ধুনটে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে অনিয়মের অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুই নেতা হলেন—ধুনটের মেসার্স তিন ভাই ট্রেডার্স অ্যান্ড সেমি অটোরাইস মিলের মালিক উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলী ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের ডিলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের আব্দুল হাদি মন্ডল। রবিবার উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, উপজেলার বেড়েবাড়ির বাবু বাজার এলাকায় বিক্রয় কেন্দ্র থেকে ২৮ সেপ্টেম্বর বিকালে সুবিধাভোগীদের নিকট ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হাদি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালিয়ে আব্দুল হাদির কাছে অবৈধভাবে রাখা ২৩৬টি কার্ড জব্দ করেন। একই স্থানে নবাব আলীর গুদামে খাদ্য অধিদপ্তরের বস্তায় প্রায় ৫০০ মণ চাল মজুদ রাখা হলে এর মধ্যে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ মণ (৫১ বস্তা) চাল জব্দ করা হয়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। একই দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে ঐ দুই নেতার বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। আওয়ামী লীগ নেতা আজমল হক বলেন, দলের হাইকমান্ডের নির্দেশে ঐ দুই নেতাকে বহিষ্কার করা হয়।
