ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে এক জনের যাবজ্জীবন

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৮

ঠাকুরগাঁওয়ে রশিদুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম বুলু ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ রাজাগাঁও গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। এ ছাড়াও মামলার অপর আসামি বাহাদুর আলীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। খালাস দেওয়া হয়েছে ১০ জনকে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০০৬ সালের ১ জুন লাঠিসোঁটা, লোহার রডসহ অস্ত্র নিয়ে মামলার বাদী সিরাজুল ইসলাম, তার দুই ভাই শাহালম ও রশিদুল ইসলামের ওপর হামলা চালায় আসামিরা। পর দিন ২ জুন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রশিদুল ইসলাম মারা যায়। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।