শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে অন্য সূচক। মূল্যসূচকের এই মিশ্র প্রবণতা দেখা গেছে। গতকাল ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেন কমেছে। অবশ্য দুই বাজারেই যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে দাম কমেছে তারচেয়ে বেশি।
গত কয়েক কার্যদিবসের মতো গতকালও লেনদেনের শুরুতে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে লেনদেনের শুরুতে সূচকের বড় উত্থান হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৭ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৭১টি এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারটিতে লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৩৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৭৩ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫ কোটি ৮৮ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৬৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৪২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইনসিওরেন্স।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ব্র্যাক ব্যাংক, রূপালী লাইফ ইনসিওরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়া ইনসিওরেন্স, কর্ণফুলী ইনসিওরেন্স, কাট্টালী টেক্সটাইল এবং রূপালী ইনসিওরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন ৪২ কোটি ৫ লাখ টাকা। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৬টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
