হাওরের শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই বিতরণ
সিলেট অফিস ও সুনামগঞ্জ প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলার হাওরের শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ কার্যক্রম চলছে। হাওরপারের ১০০ বিদ্যালয়ের শিশুর মধ্যে এ বই বিতরণের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের নারকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও জাতির সংগ্রামের ইতিহাসের ওপর বই উপহার দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
৩৬তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা ৩৬তম বাংলাদেশ কর্ম কমিশন (বিসিএস) ক্যাডার (কৃষি) অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কীটতত্ত্ববিদ মো. এমদাদুল হক সভাপতি এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোল্লা আল-মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার ওয়েব সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি-১ হিসেবে মো. আরেফিন হাসান, যুগ্ম-সম্পাদক-১ হিসেবে মো. মাহমুদুল হাসান মিজান, কোষাধ্যক্ষ মো. আল-আমিন, প্রচার সম্পাদক মতিয়র রহমান এবং দপ্তর সম্পাদক হিসেবে শাওন মজুমদার নির্বাচিত হয়েছেন।
পাইকগাছায় ১৩৮ মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত্ ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা আগমনীর সুর মহালয়া থেকে শুরু হয়েছে। তবে এ বছর মহালয়ার ৩৫ দিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা। ১৭ সেপ্টেম্বর মহালয়া অনুষ্ঠিত হয়েছে। আর দেবীর বোধন, অর্থাত্ মহাষষ্ঠী ২২ অক্টোবর। এ বছর পাইকগাছা উপজেলায় ১৩৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু
বাগেরহাট প্রতিনিধি অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও অপুষ্টজনিত শিশুমৃত্যু প্রতিরোধে বাগেরহাটে ১ লাখ ৬৭ হাজার ১৭৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বাগেরহাট সদর হাসপাতালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিসির বিদায় উপলক্ষ্যে মতবিনিময় সভা
গোসাইরহাট (শরীয়তপুর) সংবাদদাতা শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরের বদলিজনিত বিদায়ি অনুষ্ঠান গোসাইরহাট উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন আয়োজিত বিদায়ি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান সিকদার প্রমুখ।
বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সাবলম্বীকরণে ১৫ দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন।
