‘শিশুর সঙ্গে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:১৪

আজ ৫ অক্টোবর সোমবার বিশ্ব শিশু দিবস। একই সঙ্গে শিশু অধিকার সপ্তাহের শুরু। অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘শিশুর সঙ্গে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’। সরকার দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুদের উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করছে। দিবসটি উপলক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করে থাকে। আগামীকাল মঙ্গলবার ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন করা হবে। করোনা সংক্রমণের কারণে শিশুদের সুরক্ষার কথা ভেবে     এ বছর দিবসটির অনেক প্রোগ্রাম ভার্চুয়ালি করা হবে। দিবসটি উপলক্ষ্যে গতকাল সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফরমে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০-এর উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক (২৫টি বই) শিশু গ্রন্থমালা, শিশুদের নির্বাচিত আঁকা ছবি নিয়ে ‘আমরা এঁকেছি ১০০ মুজিব’ ও শিশুদের নির্বাচিত লেখা নিয়ে ‘আমরা লিখেছি ১০০ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন।

শিশু অধিকার সপ্তাহে শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নয়ন বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে। সুবিধাবঞ্চিত শিশু, পথশিশু, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, খেলাধুলা ও অধিকার বিষয়ে রয়েছে আলোচনা ও তাদের পরিবেশনায় বিভিন্ন অনুষ্ঠান। সব আলোচনা, পরিবেশনা ও প্রতিযোগিতা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সিটি করপোরেশন, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল, অপরাজেয় বাংলা ও শিশু অধিকার ফোরামসহ দেশি ও আন্তর্জাতিক সংস্থা সপ্তাহব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। শিশু দিবসের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।