সর্বনিম্ন মজুরি কতটা সর্বনিম্ন হবে

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:১৫

মজুরি বৃদ্ধি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হরহামেশাই বিক্ষোভ করতে দেখা যায়। সর্বনিম্ন মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন করাটা এক নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। কিন্তু সর্বনিম্ন মজুরি কতটা সর্বনিম্ন হবে তা নিয়েও আলোচনা আছে। সুইজারল্যান্ডের জেনেভায় সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১১৯ টাকা।

সুইজারল্যান্ডের জেনেভার ক্যান্টনগুলোতে মজুরি নির্ধারণ নিয়ে ভোটাভুটি হয়েছে। ৫৮ শতাংশ ভোটার সর্বনিম্ন মজুরি ঘণ্টায় ২৫ ডলার নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। শ্রমিক ইউনিয়নগুলো এতে সমর্থন জানিয়েছে। সরকার বলছে, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, সামাজিক বৈষম্য ও মানুষের মর্যাদা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইজারল্যান্ডে সর্বনিম্ন মজুরির বিষয়ে কোনো আইন নেই। ২৬ ক্যান্টনের সমন্বয়ে গঠিত জেনেভা হচ্ছে চতুর্থ যেখানকার বাসিন্দারা এ নিয়ে ভোটে অংশ নিলেন। এর আগে নিউচ্যাটাল, জুরা এবং টিসিনোতে ভোট হয়েছিল। সুইজারল্যান্ডে এটা সর্বনিম্ন হলেও বিশ্বে এটাই সর্বোচ্চ বলে ধারণা করা হচ্ছে। জেনেভার স্টেট কাউন্সেলর মাউরো পোগিয়া জানান, পহেলা নভেম্বর পর্যন্ত সর্বশেষ ছয় ডলার বেতন দেওয়া যাবে। —সিএনএন