হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের পাহাড় বেষ্টিত গরমছড়ি গ্রামে মা ও মেয়েকে হাত-মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে গরমছড়ি ফরেস্ট মাজার সংলগ্ন পাহাড় বেষ্টিত একটি বাড়িতে মা-ময়েকে গণধর্ষণ করে একদল যুবক।
এ ঘটনায় চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম এর নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গণধর্ষণের অভিযুক্ত প্রধান আসামি পূর্বাঞ্চলের ত্রাস নজির বাহিনীর প্রধান নজিরের নাতি শফিক ডাকাতের ছেলে মো. শাকিল মিয়া (২৫) ও তার বন্ধু মৃত রাজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়াকে (১৯) গ্রেফতার করে।
গতকাল রবিবার নির্যাতিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। নির্যাতনের শিকার মা মেয়ে জানান, শাকিলের নেতৃত্বে একদল যুবক ঘরে প্রবেশ করে জোরপূর্বক হাত মুখ বেঁধে গণধর্ষণ করে চলে যায়। পরে তাদের জ্ঞান ফিরলে তারা মুখের কাপড় খুলে চিত্কার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং থানায় মামলা হয়েছে। ওসি (ভারপ্রাপ্ত, তদন্ত) চম্পক দাম বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মা-মেয়েকে উদ্ধার করে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
