দীর্ঘ ৯ বছর পর রবিবার দুপুর সোয়া ১২টায় ২৪৪ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-০০১) সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর ত্যাগ করেছে। তবে এটি ঢাকায় ট্রানজিট দিয়ে ১০ ঘণ্টা ৫০ মিনিট পর লন্ডন গিয়ে পৌঁছার কথা। এটি ছিল সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা। বিমান সূত্র জানায়, আগামী ২৫ অক্টোবর থেকে ওসামানী থেকে লন্ডন রুটে প্রতি রবি ও বুধবার দুটি ফ্লাইট পরিচালিত হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, আগামী দিনে সিলেট থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানবন্দরের আধুনিকায়নের কাজ শেষ হলে বিদেশি এয়ারলাইনসগুলোও ওসমানীতে তাদের ফ্লাইট পরিচালনা করবে। প্রতিমন্ত্রী আন্তর্জাতিক ফ্লাইট ছাড়াও শিগগিরই বিমানের সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার ফ্লাইট চালুর ব্যাপারে আশ্বাস দেন।
২০১১ সালের ১৫ ডিসেম্বর ঘন কুয়াশার কারণ দেখিয়ে সিলেট-দুবাই-লন্ডন রুটে বিমান বাংলাদেশ ফ্লাইট বন্ধ করে দেয়। এরপর এই রুটে বিমান চলাচলে নানা টানাপড়েন অতিবাহিত হয় টানা ৯ বছর। বর্তমানে সরাসরি ফ্লাইটটি চালু হওয়ায় সিলেটের লন্ডনগামী যাত্রীদের হয়রানি ও ভোগান্তি কমবে। রবিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।
