সিলেটে পৃথক দুটি ধর্ষণ ঘটনায় তিন জন গ্রেফতার

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:১৯

সিলেটে পৃথক দুটি ধর্ষণ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শনিবার গোলাপগঞ্জ থেকে ছাত্রলীগ কর্মী রাকিবুল হোসেন মিজু ও গতকাল রবিবার সুনামগঞ্জের আক্তাপাড়া থেকে জসিম উদ্দিন এবং শহরতলীর কালাপাহাড় থেকে মো. এখলাছ মিয়াকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী জানান, নগরের দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিজুকে গতকাল আদালতে নেওয়া হয়। এর আগে শনিবার গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র্যাব। প্রসঙ্গত, কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন মিজু। এ ঘটনায় শুক্রবার রাতেই ঐ কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

এদিকে সিলেটের জালালাবাদ থানার রায়েরগাঁওয়ে ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল জসিম উদ্দিন ও মো. এখলাছ মিয়াকে গ্রেফতার করা হয় বলে জানান জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁওয়ের বাসিন্দা।

গত ১৩ সেপ্টেম্বর সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে এলাকার ঐ দুই যুবক। পরে স্কুলছাত্রীর পিতা রাতেই জালালাবাদ থানায় দুই জনকে আসামি করে মামলা করেন। মামলার ১৯ দিন পর গতকাল তাদের গ্রেফতার করল পুলিশ।