করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এক পত্রে কোভিড-১৯ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী পত্রে লিখেছেন, আমি জেনে অত্যন্ত দুঃখিত হয়েছি যে, দুর্ভাগ্যক্রমে আপনারা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে চিকিত্সাধীন আছেন। আমি প্রত্যাশা করছি যে, আপনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরবেন এবং সেই সঙ্গে আগামী দিনগুলোতে করোনা ভাইরাস ও এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার বলিষ্ঠ ও দৃঢ় মনোবল দিয়ে আপনার দেশে নেতৃত্ব দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যখন আমরা সবাই এই মহামারির কারণে প্রাণহানি ও সংক্রমণ থেকে রক্ষা পেতে লড়াই করে চলেছি। শেখ হাসিনা করোনা ভাইরাসে প্রাণহানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষায় সর্বাত্মক উদ্যোগ ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে ট্রাম্পের গতিশীল নেতৃত্ব ও দৃঢ় আত্মবিশ্বাসের গভীর প্রশংসা করেন। চলমান এই হুমকি মোকাবিলায় বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত দুঃসময়ে আমার সহমর্মিতা আপনার ও আপনার পরিবারের সঙ্গে রয়েছে। আমি যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যেও প্রার্থনা করছি।
