এবার স্বীকারোক্তি দিলেন তারেক ও মাহফুজ

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:৩০

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামি তারেক আহমদ ও মাহফুজুর রহমান মাছুম রবিবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী জানান, সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে তারেক ও মহানগর হাকিম-২ সাইফুর রহমানের আদালতে মাহফুজ ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি বলেন, তারা দুই জনই ধর্ষণের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছেন। জবানবন্দি শেষে সন্ধ্যায় আসামিদের কারাগারে পাঠানো হয়।

গত ২৫ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতাকর্মীরা ঐ গণধর্ষণের ঘটনা ঘটায়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছয় ছাত্রলীগ কর্মী, অজ্ঞাত আরো তিন জনসহ ৯ জনকে আসামি করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন—কলেজের ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। মামলার অপর তিন আসামির মধ্যে রাজন ও আইনুদ্দিন ধরা পড়েছেন। অপরজন এখনো অজ্ঞাত। পুলিশ তাকে খুঁজছে। এর আগে এজাহারভুক্ত ছয় আসামিসহ মোট আট জনকে গ্রেফতার করে পাঁচ দিন করে প্রত্যেককে রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল, রাজন ও আইনুদ্দিন ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।