প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের দায়ে ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল চিশতীসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক উপপরিচালক মো. সামছুল আলম আদালতে চার্জশিট দাখিল করেছেন।
চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন মেসার্স লায়লা বনস্পতি প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দীন আলম, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিসেস ইয়াসমিন আলম, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও চৌধুরী মোশতাক আহমেদ এবং সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম এম শামীম।
