রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার একটি তিনতলা বাসার ছাদ থেকে পড়ে রোকেয়া নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গৃহকর্তা জহিরুল ইসলাম জানান, প্রায় দুই বছর ধরে রোকেয়া তাদের বাসায় গৃহকর্মীর কাজ করত। গতকাল সকালে সবাই ঘুমে থাকা অবস্থায় সে তিনতলা বাসার ছাদে কাপড় মেলতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বোন সোলেমা জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাতিরগাঁও গ্রামে। বাবার নাম কেরামত আলী। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
