বিশ্ব বসতি দিবস আজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০০:১৭

বিশ্ব বসতি দিবস আজ। এবারের প্রতিপাদ্য বিষয় ‘সবার জন্য আবাসন :ভবিষ্যতের উন্নত নগর’। মানুষের অন্যতম মৌলিক অধিকার আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদ্যাপিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি থাকলেও এ বছর করোনা মহামারির কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, বেলা ১১টায় বিশ্ব বসতি দিবস-২০২০-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। সভায় অনলাইনে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান সাঈদ নূর আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দারসহ মন্ত্রণালয়ের অধীনে থাকা সব সংস্থার প্রধান।