বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকার বিএনপিকে ধ্বংসের জন্য বহুমুখী চক্রান্ত চালাচ্ছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার চালানো হচ্ছে। এই নীলনকশা রুখতে দলকে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। গতকাল সকালে যুক্তরাষ্ট্র বিএনপির ম্যারিল্যান্ড শাখার অংশগ্রহণে সাংগঠনিক কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে রিজভী বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশ এবং দলের স্বার্থে কীভাবে আরো ইতিবাচক ভূমিকা রাখতে পারেন তা নিয়ে সবাইকে কাজ করতে হবে। সরকারের অপপ্রচার ও দুষ্টচক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকারের দুঃশাসনের চিত্র প্রবাসীদের মধ্যেও তুলে ধরতে হবে। কর্মশালার প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেটে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতিনির্ধারণী একটি বক্তব্য শোনানো হয়। ম্যারিল্যান্ড শাখার আহ্বায়ক শাহিদ খান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম এম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। আলোচনায় অংশ নেন কবিরুল ইসলাম, মোহাম্মদ কাজল, আলবাব হোসেন সোহাগ, মিজানুর রহমান, মো. শামীম, মো. শাহেদ, হাসান চৌধুরী, আফরিন হাদী লিয়ানা, আহমেদ আনিস চৌধুরী, ইমাম হোসেন খান, বাবলু চৌধুরী প্রমুখ।
এদিকে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর দক্ষিণের উদ্যোগে সারা দেশে নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধনে নারীদের নিরাপত্তার জন্য দেশজুড়ে গ্রামে-পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।
