রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে গ্রেফতার করতে আদালতে আবেদন করা হয়েছে। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে এ আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐ ছাত্রী। বিচারক শুনানি শেষে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।
ঐ ছাত্রীর আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন বলেন, ‘পুলিশ অজ্ঞাত কারণে এখনো আসামিদের গ্রেফতার করেনি। ফলে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেফতার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।’ এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐ ছাত্রী লালবাগ থানায় সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে আরেকটি অভিযোগ নিয়ে রাজধানীর কোতোয়ালি থানায় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন সোহাগকে প্রধান আসামি করে মামলা করেন।
