তেরখাদায় জোড়া খুনের মামলা

জালিয়াতি করে নেওয়া সাত আসামির জামিন বাতিল

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০০:১৯

খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় জালিয়াতি করে নেওয়া সাত আসামির জামিন বাতিল করেছে হাইকোর্ট। একই সঙ্গে আদেশপ্রাপ্তির ১০ দিনের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। যদি আত্মসমর্পণ না করে তাহলে তাদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এম আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। জামিন জালিয়াতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আদালত বলেন, ‘এই যদি জালিয়াতির নমুনা হয় আমরা কোথায় যাব? হয়তো দণ্ডবিধির ৩০২ ধারার মামলার জামিন আবেদনের শুনানি গ্রহণ বন্ধ করে দিতে হবে। এভাবে কোর্টের সঙ্গে প্রতারণা করলে আমরা বিচার কাজ করব কীভাবে?’

এদিকে জামিন জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জালিয়াতিতে আইনজীবীর সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও তদন্তকারী কর্মকর্তাকে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানি করেন। জামিন বাতিল হওয়া আসামিরা হলেন—শেখ সাইফুল ইসলাম, আব্দুর রহমান, খালিদ শেখ, ইস্কান্দার শেখ, জমির শেখ, জিয়ারুল শেখ ও আব্বাস শেখ।

গত বছরের ৭ আগস্ট খুলনার তেরখাদায় পূর্বশত্রুতার জেরে নাঈম শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন নিহতের বাবা হিরু শেখ। পরে তিনিও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরের দিন তেরখাদা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত হিরু শেখের স্ত্রী মাহফুজা বেগম। এ মামলার এজাহার, নিম্ন আদালতের জামিন নামঞ্জুরের আদেশের অনুলিপি ও আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরিবর্তন করে গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন হাসিল করেন এ সাত আসামি। এ জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এদিকে একই মামলায় মাহবুর শেখসহ তিন আসামির জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এদের নাম এসেছে। এ মুহূর্তে জামিন নয়, বিচারের মুখোমুখি হোক।