নব্য জেএমবির কর্মী গ্রেফতার

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০০:১৯

গাজীপুরের বাসন থানা এলাকার গ্রেটওয়াল সিটি বাজার থেকে নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আটক সদস্য হলেন মো. আব্দুল্লাহ আল নোমান খান (২৫)। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট, বালাকোট মিডিয়া পুস্তিকা ও অন্যান্য উগ্রপন্থি বই জব্দ করা হয়েছে। এই বইগুলোর মধ্যে একটি বিস্ফোরকদ্রব্য তৈরির সহায়িকা বইও আছে। 

গ্রেফতারকৃত আব্দুল্লাহ, তার সহযোগী মোরশেদুল আলম এবং আরো অজ্ঞাতনামা সাত-আট জন গাজীপুরে একটি গোপন বৈঠকে একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বৈঠকে অংশগ্রহণকারী সবাই বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির বিভিন্ন স্তরের সদস্য। তারা গোপন বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছিল।

এছাড়াও তারা রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হত্যা এবং প্রজাতন্ত্রের ক্ষয়ক্ষতির জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামি ও সহযোগীরা নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদান করে একে অপরকে সাহায্য, সহায়তা ও প্ররোচিত করাসহ বিভিন্নভাবে উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে আব্দুল্লাহ আল নোমান খানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।