আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না। পূজামণ্ডপে প্রবেশের সময় কোভিড-১৯-এর প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। হাত ধোয়া ও স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক করতে হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও পূজামণ্ডপ সংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশব্যাপী সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ আইনশৃঙ্খলা মোকাবিলায় মোবাইল ডিউটিতে থাকবেন।
পূজামণ্ডপে জনসমাগম কমানোর জন্য অঞ্জলি প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেল-এ লাইভ প্রচারের জন্য পূজা উদ্যাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। জরুরি দরকারের পূজা-উদ্যাপন কমিটিকে ৯৯৯ সেবা নিতে বলা হয়েছে।
সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদরের সচিব, সুরক্ষাসেবা বিভাগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, কোস্টগার্ডের মহাপরিচালক, আনসার ও ভিডিপি, বিজিবি, র?্যাব, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
