করোনা সংকটের কারণে এবার বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩০তম তিরোধান দিবসের সব আয়োজন বন্ধ ঘোষণা করেছে কুষ্টিয়া লালন একাডেমি। প্রতি বছর লালন শাহের তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রবিবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠান বন্ধের এ সিদ্ধান্তের কথা জানান লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন। সভায় জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, লালন একাডেমির সদস্যসচিব ও এনডিসি তাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭১ জন মারা গেছেন। বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় বড় ধরনের গণজমায়েত করা হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাই লালনের মাজার প্রাঙ্গণে এ বছর ফকির লালন শাহের ১৩০তম তিরোধান দিবস পালন করা সম্ভব নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীতে আরও বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
