‘তারুণ্যে ভরা মানুষটি নিজেকে শেষ করতে পারে না: কঙ্গনা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০৫:২৭

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর কঙ্গনা রানাওয়াতের মন্তব্য সবসময় আলোচনায় ছিল। এই ঘটনার পর বলিউডে স্বজনপ্রীতির বিষয়টি বেশ বিতর্কের সৃষ্টি করে। কঙ্গনা অনেকের বিরুদ্ধে সরাসরি নেতিবাচক মন্তব্য করেছেন। সম্প্রতি সুশান্তের মৃত্যুতে এআইআইএমএস-এর রিপোর্ট নিয়ে আবারো মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, ‘তারুণ্যে ভরা মানুষটি নিজেকে শেষ করতে পারে না।’ এআইআইএমএস-এর তরফে সুধীর গুপ্তা জানান, সুশান্তের মৃত্যু আত্মহত্যা, খুনের তত্ত্ব এখানে কোনোভাবেই খাটছে না।

সুশান্তের দেহে কোনোরকম আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিত্সক সুধীর গুপ্তা। এআইআইএমএস-এর রিপোর্টের পরই ফের টুইটারে মুখ খোলেন বলিউডের কুইন।

তিনি বলেন, ‘সুশান্ত বলেছিলেন তিনি নিগ্রহের শিকার। তার অভিযোগ ছিল মুভি মাফিয়ারা তাকে নিষিদ্ধ করেছে। জীবনের আশঙ্কা করেছিলেন। বলেছিলেন, মুভি মাফিয়ার হেনস্তা আর নিষিদ্ধ ঘোষণা করার কথা। তার বিরুদ্ধে ভুয়া ধর্ষণের অভিযোগের কারণে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি।’

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর এআইআইএমএস-এর তরফে সিবিআই-এর হাতে সুশান্তের ভিসেরা রিপোর্ট তুলে দেওয়া হয়।

এআইআইএমএস-এর তরফে জানানো হয়, সুশান্তের সংরক্ষিত ভিসেরার মাত্র ২০ শতাংশ নমুনা নিয়ে তারা পুনর্মূল্যায়ন করতে পেরেছেন। বাকি ৮০ শতাংশ মুম্বাই পুলিশ ব্যবহার করেছিল। পাশাপাশি এআইআইএমএস-এর ফরেনসিক টিম অভিনেতার একটি ল্যাপটপ, দুটি হার্ড ডিস্ক, একটি ক্যামেরা ও দুটি মোবাইল ফোনেরও পরীক্ষা করেছেন।

ইত্তেফাক/জেডএইচডি