সাভারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১১:৪০

সাভারে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় তার সাথে থাকা সহকর্মীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।  সে দুই সন্তানের জনক। নিহত জাহাঙ্গীর সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লার আবুল কাশেম সাধুর ছেলে এবং আশুলিয়ার চারাবাগ এলাকার একটি তৈরী পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে গার্মেন্টস কর্মী জাহাঙ্গীর আলম তার এক বন্ধুর মোটরসাইকেলে করে চারাবাগ এলাকায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। তারা কলমা বাসস্ট্যান্ডে পৌছলে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তারা দুইজনই সড়কে পড়ে যান। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আহত বন্ধুর অবস্থাও গুরুতর।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,লাশটি উদ্ধার করা হয়েছে। 

ইত্তেফাক/এমআরএম