নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৪:০৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া নোয়াখালীর পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানিয়েছেন।

সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাদলকে এবং নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে রবিবার বিকেলে ও রাতে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়া বাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. রহিম ও একই এলাকার মোহর আলী মুন্সি বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহকে গ্রেপ্তার করা হয়।

এএসপি সুজয় সরকার জানান, বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশীদ চৌধুরী জানান, পুলিশের পাঁচটি ইউনিট সাত ঘণ্টা ধরে অভিযান চালিয়ে আসামি রহিম ও রহমতকে গ্রেফতার করেছে। অপরদিকে ভয়ে বাড়ি ছাড়া নির্যাতিতা গৃহবধূকে সদর উপজেলার মাস্টার পাড়ার তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে।