বর্ষা এলেই বিদ্যালয়ের চারপাশে পানি জমে, দুর্ভোগে শিক্ষার্থীরা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৮:০২

বর্ষা মৌসুম এলেই ফরিদপুরের সালথা উপজেলার পুরুরা সাধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে পানি থইথই করে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের নেই কোন রাস্তা। এভাবেই বিদ্যালয়ের পাঠদান চলছে ৫৬ বছর ধরে। ফলে ৫৬ বছর ধরেই এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দুর্ভোগ মোকাবেলা করে পড়াশোনা করছে। 

সোমবার (৫ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের চারপাশে ফসলের ক্ষেতের মধ্যে বর্ষার পানি জমে রয়েছে। মাঝখানে উঁচু জমিতে বিদ্যালয়ের ভবন। বিদ্যালয়ের প্রবেশ করার মত কোন রাস্তা বা বড় কোন পথ নেই।

শিক্ষার্থীরা জানান, বর্ষা মৌসুমে নৌকা বা ডুঙ্গা দিয়ে ও শুকনা মৌসুমে অন্যদের জমির ছোট আতাইল দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। তাও আবার অনেক সময় সামান্য বৃষ্টিতে আতাইল নষ্ট হয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়।

আরো পড়ুনঃ মসজিদের নির্মাণ কাজে আওয়ামীলীগ নেতার চাঁদা দাবি, গ্রেফতার ২

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ইদ্রিস মোল্যা বলেন, যাতায়াতের ব্যবস্থা খারাপ হওয়ায় কারণে শিক্ষার্থী সংকটে রয়েছে বিদ্যালয়টি। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জরুরী ভিত্তিতে রাস্তা নির্মাণ করা প্রয়োজন। রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদনও করা হয়েছিল। কিন্তু কোন লাভ হয়নি। 

প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ১৯৬৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়। এখানে মোট ৫ জন শিক্ষক রয়েছে। ১২৩ জন শিক্ষার্থী এ বিদ্যালয়ে পড়ালেখা করে। ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে চলাচলের রাস্তা না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও দিন দিন কমে যাচ্ছে। সে সাথে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের জন্য যাতে খুব দ্রুতই রাস্তা নির্মাণ করা হয়, সে আমরা করছি। 


ইত্তেফাক/এমএএম