‘লাল’দের জালে গোলবন্যা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:১৯

লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেড; জার্সির লাল রং আর উপাধি কাছাকাছি হলেও ইংলিশ প্রিমিয়ার লিগে চিরবৈরি এই দুই ক্লাব। তবে গত রবিবার রাতে নিয়তি তাদের এক বিন্দুতে এনে মিলিয়েছিল।

টটেনহ্যাম হটস্পারের কাছে ৬-১ ব্যবধানে অসহায় আত্মসমর্পণ করেছে ‘রেড ডেভিল’ তথা ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের ফলটা হয়েছে আরো শোচনীয়। গেল মৌসুমে কোনোক্রমে অবনমন এড়ানো অ্যাস্টন ভিলার কাছে ৭-২ গোলে বিধ্বস্ত হয়েছে ‘অল রেড’ নামের  লিভারপুল।

দিনের শুরুটা অবশ্য এত বড় কিছুর আভাস দেয়নি মোটেও। নিজেদের মাঠে টটেনহ্যামের বিপক্ষে ম্যানইউ এগিয়ে গিয়েছিল দ্বিতীয় মিনিটেই। দলটির সুখস্মৃতি ছিল কেবল ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি পর্যন্তই। ট্যাঙ্গুয়ে এন্ডমবেলে সমতা ফেরানোর পর সন হিউং মিন ও হ্যারি কেইনের জোড়া গোলের পাশাপাশি সের্জ অরিয়ের লক্ষ্যভেদে সাবেক ক্লাবকে বিধ্বস্ত করে দেন কোচ হোসে মরিনহো।

নিজেদের মাঠে এমন হারকে কোচ ওলে গুনার সোলসার দেখছেন ক্লাবে নিজের সবচেয়ে বাজে দিন হিসেবে। বললেন, ‘এ অনুভূতি ভয়াবহ। খেলোয়াড় ও কোচ হিসেবে এর চেয়ে খারাপ দিন দেখিনি আমি।’

এদিকে ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মরিনহো সমালোচকদের এক হাত নেন। বিশেষ করে তারা এই পর্তুগিজকে ‘রক্ষণাত্মক’ বলায়। টটেনহ্যাম কোচ বলেন, ‘ভাবুন একবার, যদি তাদের একটা আক্রমণাত্মক মানসিকতার কোচ থাকত! রক্ষণাত্মক কোচ নিয়েই ছয় গোল করেছে দল, আক্রমণাত্মক মানসিকতার কোচ থাকলে ১০, ১১, ১২ গোলও করে বসতে পারত।’

এদিকে লিভারপুলের সঙ্গে যা হয়েছে তা আরো শোচনীয়। শুরু থেকেই য়ুর্গেন ক্লপের দলের টুঁটি চেপে ধরে অ্যাস্টন ভিলা। ওলি ওয়াটকিন্সের হ্যাটট্রিক, জ্যাক গ্রেলিশের জোড়া গোল, জন ম্যাকগিন আর রস বার্কলের লক্ষ্যভেদে লিভারপুলকে উড়িয়ে দেয় গেল মৌসুমে অবনমন এড়ানো দলটি। মোহামেদ সালাহ অবশ্য জোড়া গোল করে একটা চেষ্টা চালিয়েছিলেন, তবে সেটা লজ্জা এড়াতে যথেষ্ট ছিল না।

অমন হারের পর অবশ্য কোনো অযুহাত দাঁড় করাননি কোচ ক্লপ। জানালেন দল কর্তৃত্ব হারিয়েছে প্রথম গোলের পরই, ‘তাদের সব ভালো মুহূর্তগুলো গোলে রূপ নিয়েছে। আমরা আজ যা করেছি তা ফুটবলে করা উচিত নয়, তবে পুরো কৃতিত্ব ভিলার। ওরাই আমাদের বাধ্য করেছে। গোল আগেও হজম করেছি, কিন্তু আজ প্রতিক্রিয়াটা দেখাতে পারিনি আমরা। জায়গা হারিয়েছি প্রথম গোলের পরই।’