মাদক নিয়ন্ত্রণে সর্বত্র ডোপটেস্ট চালু হোক

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:৫৬

মাদকাসক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সম্প্রতি বাংলাদেশ পুলিশবাহিনীর কতিপয় সন্দেহভাজনকে  ডোপটেস্ট করে কয়েকজনকে মাদকাসক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে চূড়ান্ত নিয়োগের আগে এবং স্থানীয় ও জাতীয় সব নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের অবশ্যই ডোপটেস্ট করানোর আইন প্রণয়ন করা উচিত। তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি পাওয়া থেকে বঞ্চিত হওয়ার ভয়ে যুবসমাজের মধ্যে মাদক ও নেশার প্রতি উত্সাহ কমে আসবে। একইসঙ্গে রাজনৈতিক দলের নেতা-কর্মী, যাদের ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে, তাদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি হবে। কর্মরতদেরও ডোপটেস্ট করে মাদকাসক্তদের আসক্তির মাত্রা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং পরবর্তী সময়ে আবার পজিটিভ ফলাফল পাওয়া গেলে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে। পাসপোর্ট, লাইসেন্স ইত্যাদি পাওয়া ক্ষেত্রেও ডোপটেস্ট বাধ্যতামূলক করা উচিত। এভাবে দেশের প্রতিটি নাগরিককে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা যেতে পারে। মাদক ব্যবসা রুখতে এই ডোপটেস্টই হবে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। তবে এই ব্যবস্থার সুফল পেতে হলে, সারা দেশে পরীক্ষা পদ্ধতি সহজ ও দুর্নীতিমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর