বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:৫৬

বর্ধিত অধিবেশনের দুপুর ২টা ও রাত ৮টা, সাড়ে ১১টা আধা ঘণ্টা করে দেড় ঘণ্টা ঢাকা কেন্দ্রের সংবাদে আপত্তি নেই। ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান আমরা সেই চ্যনেলে গেলেই দেখতে পাই, তাহলে কেন নাটকসহ অন্যান্য অনুষ্ঠান এমনকি গানের অনুষ্ঠান চট্টগ্রাম কেন্দ্র থেকে অহরহ সম্প্রচার করা হচ্ছে? চট্টগ্রাম কেন্দ্রের আর্কাইভে অনেক আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠান রয়েছে। বর্তমানে দুর্দান্ত অনুষ্ঠান নির্মাণের সক্ষমতাও রয়েছে এ কেন্দ্রের। প্রয়োজনীয় অনুষ্ঠান নির্মাণ করলে অনুষ্ঠান স্বল্পতা থাকার কথা নয়। কোনো কারনে তা ঘটলে আর্কাইভ থেকে নিজেদের নির্মিত অনুষ্ঠান সম্প্রচার করা যেতে পারে, কিন্তু ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার করা কেন? চট্টগ্রাম অঞ্চলকে তুলে ধরার এত বড় সুযোগ আর কোথায় মিলবে? একটি ব্যাপারে আশ্চর্য হতেই হয় যে, আউটডোর লোকেশনে নাটক নির্মাণ এখনো নিয়মিত করতে না পারা। চট্টগ্রামে নাট্যগোষ্টী প্রচুর, তাদেরকে সুযোগ দিন। আর হতাশাজনক যে, এখনো টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে শিল্পীদের নিয়ে গান, চিকিত্সকদের নিয়ে রোগ জিজ্ঞাসা ধরনের অনুষ্ঠান শুরু করতে না পারা। চট্টগ্রাম মহানগরীর সাংস্কৃতিক সংবাদ, মেয়র মহোদয় ও আগত মন্ত্রীদের মিটিং ফলাও করে প্রচার করা যায়। বাংলাদেশ বেতার খুলনা ও চট্টগ্রাম কেন্দ্রের স্থানীয় সংবাদ অনুসরণ করে। তাই অনুরোধ, অবিলম্বে ঢাকা কেন্দ্রের নাটক, গানের অনুষ্ঠান, সরাসরি ডাক্তারের অনুষ্ঠান প্রচার বন্ধ করুন। ঢাকা কেন্দ্রের অনুসরণে নিজেদের অনুষ্ঠান নির্মাণ করে সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হোক।

জি এন সিদ্দিকী রুমী

সীতাকুণ্ড, চট্টগ্রাম