কফিন খুলতেই মিলল ২ হাজার ফেনসিডিল

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:৫৮

লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স। গাড়িটিতে কাফনের কাপড়ে মোড়ানো চারটি মৃতদেহ সদৃশ্য কিছু। আর সেগুলো খোলার পরই সবার চোখ যেন চড়কগাছ। মৃতদেহ সদৃশ কফিন চারটি খুলতেই পাওয়া গেল ২ হাজার ফেনিসিডিল। লাশ পরিবহনের আড়ালে অভিনব পদ্ধতিতে মাদক চোরাকারবারের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতেনাতে ধরা পড়ল এই ফেনসিডিলসহ চার জন। রবিবার রাতে রাজধানীর শাহবাগের গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মাহাবুবুল হাসান, হাসানুর রহমান সবুজ, মো. সোহেল মিয়া এমিল ও রোমন। গতকাল মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে এনেছে।

ডিবির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহবুবুল আলম জানান, লাশবাহী অ্যাম্বুলেন্স ব্যবহার করে তারা মাদকের চোরাচালান করছিল। তারা লাশবাহী অ্যাম্বুলেন্সের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো লাশের আদলে ফেনসিডিলের চালান আনা-নেওয়া করত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই তারা লাশবাহী অ্যাম্বুলেন্স ব্যবহার করত।

এসি মাহবুবুল আলম আরো বলেন, লাশবাহী গাড়িতে মাদকের চালান আসছে এমন খবরে শাহবাগের গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালানো হয়। পরে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেনসিডিল ভর্তি বস্তা উদ্ধার করা হয়। গ্রেফতার চার জন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এ সব ফেনসিডিল এনে ঢাকায় বিক্রি করত বলে জানান ডিবির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার।