ভ্যাট ফাঁকির অভিযোগ দুই শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:০৪

রাজধানীর উত্তরা ও গুলশানের দুটো এডুকেশন কনসালটেনসি বা শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানে ভ্যাট গোয়েন্দা দল অভিযান চালিয়েছে। এতে ভ্যাট ফাঁকির তথ্য মিলেছে। প্রতিষ্ঠান দুইটি হলো—রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ব্রিজ ইন্টারন্যাশনাল ও গুলশানের বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। উভয় প্রতিষ্ঠানই দেশে-বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে ফি ও কমিশন নেয়। এই সেবার বিপরীতে নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হলেও ব্রিজ ইন্টারন্যাশনালের কোনো ধরনের ভ্যাট নিবন্ধিত নয় এবং ভ্যাটও পরিশোধ করে না। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির ৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। অন্যদিকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কও শিক্ষাসহায়তা প্রদান করে। ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের সাতটি শাখার মাধ্যমে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটির প্রায় পৌনে ২ লাখ টাকা ফাঁকি বের হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর বিদেশে লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের মতো অপরাধ হয়েছে কি না—তা খতিয়ে দেখা হবে বলে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে।