উলিপুরে আমনখেতে ইঁদুরের উপদ্রব

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:০৮

বন্যার ধকল কাটতে না কাটতেই আমন ধানখেতে ইঁদুরের উপদ্রবে বিপাকে পড়েছেন উলিপুরের কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকার শত শত একর জমির ধানগাছ কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুরের দল। ভুক্তভোগী কৃষকরা আলোর ফাঁদ, কাঁকতাড়ুয়া, জিংক ফসফেট ও  সেমকাফ জাতীয় ওষুধ স্প্রে করেও ইঁদুরের হাত থেকে ধানখেত রক্ষা করতে পারছেন না। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২৩ হাজার ৪৬৫ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষাবাদ করা হয়েছে ২৪ হাজার ৪৯০ হেক্টর জমি। দেখা গেছে, বন্যার ধকল কেটে আমন ধানখেতে সবুজের সমারোহ হলেও নতুন করে ইঁদুরের উপদ্রব শুরু হয়। ইঁদুরের হাত থেকে ধানখেত রক্ষা করতে অনেক কৃষক নির্ঘুম রাত জেগে পাহাড়া দিলেও তা রক্ষা করতে পারছেন না। উপজেলার নারিকেলবাড়ী গ্রামের শাহাদত হোসেন নামের এক জন কৃষক বলেন, ৮০ শতক জমির বেশির ভাগ আমন ধানগাছ ইঁদুর কেটে সাবাড় করে দিয়েছে। অনেক চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না। এ পরিস্থিতিতে উত্পাদন খরচও উঠবে না। ঐ গ্রামের কৃষক দুলাল, ফটিক, হাফিজুর রহমানসহ অনেকেই জানান, তাদের জমি ও ধানগাছ কেটে সাবাড় করছে ইঁদুর। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে, এসব এলাকার আমনখেতে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব আলী বলেন, ইঁদুরের আক্রমণ থেকে খেত রক্ষা করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত কৃষকদের পরামর্শ প্রদান করে আসছেন।