রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক

সড়ক বন্ধ করে চলছে প্রশস্তকরণের কাজ!

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:০৯

রাজশাহী মহানগরীতে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হচ্ছে। কিন্তু এ কাজের জন্য নগরীর বিলশিমলা বন্ধগেট ও কোর্ট স্টেশন এলাকায় ইটের খোয়া ও মাটি সড়কে আড়াআড়ি করে রেখে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে সম্পূর্ণ যানচলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষসহ গাড়িচালকরা। তারা বলছেন, সড়ক যোগাযোগ বন্ধ করে উন্নয়ন কাজ তারা জীবনেও দেখেননি।

জানা গেছে, মহানগরীর ওপর দিয়ে যাওয়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীত করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। সংস্কার কাজ চলা অবস্থায় সড়কটিতে যানবাহন চললেও প্রায় দেড় মাস আগে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সড়কটিতে কোনো যানবাহন চলতে পারছে না। রবিবার সরেজমিনে দেখা যায়, বন্ধ থাকা প্রায় তিন কিলোমিটার সড়কের একপাশের লেনে কোনো কাজই হচ্ছে না। আরেকদিকের লেনে শুধু কোর্ট স্টেশন এলাকায় কার্পেটিং শুরু হয়েছে। ঠিকাদারের লোক পরিচয় দিয়ে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, কাজের সময় গাড়ি চলাচল করলে আবার নতুন করে সংস্কার করতে হবে। তাই সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বাসচালক নজরুল ইসলাম বলেন, এভাবে গোটা সড়ক বন্ধ করে দিয়ে কখনো সড়কের কাজ করতে দেখিনি। সাধারণত একটি এক পাশ বন্ধ করে দেওয়া হয় কার্পেটিংয়ের সময়। আরেক পাশ দিয়ে তখন নির্বিঘ্নে যান চলাচল করতে পারে। কিন্তু পুরো সড়ক বন্ধ থাকায় পাঁচ কিলোমিটার বেশি পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এ ব্যাপারে রাসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খায়রুল বাসার বলেন, রাস্তার কাজ শেষের পথে। এখন শুধু কার্পেটিং বাকি। কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তবে ঠিকাদারের সামান্য ক্ষতির জন্য রাস্তা বন্ধ করে দিয়ে কাজ করার কোনো নিয়ম নেই।