ছাতকে বাচ্চু মিয়া নামে ছয় মামলার পলাতক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। রবিবার গভীর রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু মিয়াকে তার নিজ ঘর থেকে গ্রেফতার করে নিয়ে আসার পথে তার স্বজনরা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলা চালায়। হামলায় আহত এসআই দেলোয়ার হোসেন, এএসআই সুমন চন্দ ও এএসআই মহিউদ্দিন ছাতক হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। এ ঘটনায় বাচ্চুর বাবা ইসমাইল আলী (৬২), চাচা ইয়াকুব আলী (৪৮), ভাই জুবেদ আলী (২৮) ও স্বজন আব্দুল আহাদকে (৩০) আটক করে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
