পাবনার চাটমোহরে ৩য় দফা বন্যায় রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ৫০০ হেক্টর জমির রোপা আমন ধানের জমি তলিয়ে গেছে। বড়াল, গুমানী ও চিকনাই নদীর পানি বেড়ে বাড়িঘরে প্রবেশ করেছে। হুমকির মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও ফসলি জমি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৭ হাজার ৪০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। বন্যা আর বর্ষণে শতাধিক হেক্টর জমির ধান বিনষ্ট হয়েছে। নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন ও ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, তৃতীয় ধাপে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে অসংখ্য পরিবার। বিলচলন, ছাইকোলা, নিমাইচড়া, হরিপুর ও হান্ডিয়াল ইউনিয়নের সদ্য রোপণকৃত ধানের জমি তলিয়ে গেছে। বন্যার পানি নতুন করে বাড়ায় নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকায় আঞ্চলিক রাস্তা ডুবে গেছে।
