গাইবান্ধায় ১৫০ মিলার এক ছটাক চালও দেয়নি

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:৩৮

চুক্তি সম্পাদনের পর গাইবান্ধা জেলার ১৫০ জন মিলার সরকারি খাদ্যগুদামে এক ছটাক চালও দেননি। এমনকি নির্ধারিত সময়ের পর ১৫ দিন বাড়িয়েও চাল দিতে ব্যর্থ হন তারা। এ কারণে তাদের জামানত স্থগিত করা হয়েছে। এ প্রসঙ্গে গতকাল সোমবার জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু বলেন, এই মিলারদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খাদ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। অধিদপ্তর তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে।

জেলা খাদ্য বিভাগের সূত্রে জানা যায়, এ বছর জেলার ৮৮৯ জন মিলারের কাছ থেকে ২৩ হাজার ৬৮৩ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ১ হাজার ৬২৮ মেট্রিক টন আতপ চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।