জি কে শামীমসহ আট জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:৪৬

অর্থ পাচার মামলায় গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আট জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ চার্জশিট গ্রহণ করেন। আগামী ২ নভেম্বর মামলাটির চার্জ শুনানির তারিখ ধার্য করে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ মামলাটি বদলির আদেশ দেন। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র্যাব-১-এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন। গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ আট জনকে আসামি      করে চার্জশিট দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়।

আদালত সূত্র জানায়, আদালতে চার্জশিট দাখিলের জন্য গতকাল দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে হুইলচেয়ারে করে জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। এ সময় এ মামলার অন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন—দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।