লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচা শামসুল ইসলামের (৪৫) বিরুদ্ধে। শামসুল ওই এলাকার মৃত জফুর উদ্দিনের ছেলে।
ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪, তারিখ ০৩/১০/২০২০।
মামলা সূত্রে জানা যায়, কিশোরীর বাড়িতে শামসুল কৃষি জমিতে কীটনাশক স্প্রে মেশিন আনতে যায়। বাড়িতে তার বাবা-মা না থাকায় কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে শামসুল। এ সময় স্থানীয় দুজন মহিলা শামসুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে তাকে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ধর্ষক শামসুল।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামসুল পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআর
