নারায়ণগঞ্জে ওকালতনামা-স্ট্যাম্প জালিয়াতি, ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২৩:৩২

জাল ওকালতনামা ও জামিননামা বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জেলা আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তার মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতারও করা হয়েছে। এসময় ৫০টি জাল ওকালতনামা, ৫০টি জাল জামিননামা ও ৬৪০টি জাল স্ট্যাম্প উদ্ধার করে।

অভিযুক্ত ছাত্রলীগের দুই নেতা হলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহম্মেদ রবিন ও সোহানুর রহমান শুভ্র।

সোমবার দুপুরে প্রমিস কম্পিউটার ফটোস্ট্যাট নামে প্রতিষ্ঠান থেকে রাইসুল আহম্মেদকে গ্রেফতার করতে পারলেও অন্যজন পালিয়ে গেছেন বলে জানায় ফতুল্লা মডেল থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, জেলা আইনজীবী সমিতির নির্ধারিত ওকালতনামা, জামিননামা ও কোর্ট ফি জাল করে বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামি পলাতক রয়েছেন। প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে মো. সাইফুজ্জামান বলেছেন, জেলা আদালত সংলগ্ন উকিল রোডের প্রমিস ফটোস্ট্যাট নামে প্রতিষ্ঠানে জেলা আইনজীবী সমিতি নির্ধারিত ওকালতনামা, জামিননামা ও কোর্ট ফি জাল করে বিক্রির অভিযোগ পাই। পরে যাচাই করে বিষয়টির সত্যতা পেয়ে পুলিশে খবর দেই। পুলিশ অভিযান চালিয়ে ৫০টি জাল ওকালতনামা, ৫০টি জাল জামিননামা ও ৬৪০টি জাল স্ট্যাম্প উদ্ধার করে। এ সময় রবিনকে পুলিশ আটক করলেও সোহানুর রহমান শুভ্র ওরফে মিরাজ পালিয়ে যায়।

ইত্তেফাক/এমআর