দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদল ওরফে ড্রাইভার মালেককে (৬৩) কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২১ সেপ্টেম্বর গাড়িচালক মালেকের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেই রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এস আই রুবেল শেখ। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারগারে রাখার আবেদন করেন। অপর দিকে আসামি পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২১ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ থানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাদী হয়ে মালেকের বিরুদ্ধে দুটি মামলা করে।
