দর্শনায় বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে থানার নবাগঠিত গড়াইটুপি ইউনিয়নে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
তিতুদহ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন জানান, কে বা কারা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের কাছে মসজিদবাবদ অনুদান চেয়েছেন। এলাকার কেউ কেউ বিষয়টি জানার জন্য গেলে তাদের সঙ্গে বাগিবতণ্ডা ধাক্কাধাক্কি হয়। এ সময় কাঁচের একটি জানালা ভেঙে যায়।
চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন জানান, আমাকে বেশ কয়েক দিন ধরে হুমকিধমকি দেওয়া হচ্ছে। ঐদিন রাতে ১০/১২ জনের একটি দল এসে আমার গলায় চাপাতি ধরে আমাকে লাঞ্ছিত করে। এবং পুলিশের সামনে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে চলে যায়। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম রাজু জানান, নৌকার যে জোয়ার উঠেছে, সে জোয়ার ঠেকাতে বিএনপি প্রার্থী আকতার হোসেন অপপ্রচার করছেন।
দর্শনা থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, আকতার হোসেন কোনো অভিযোগ করেননি। তা ছাড়া পুলিশের বিরুদ্ধে যে অভিযোগের কথা তিনি বলেছেন, তা সঠিক নয়। এছাড়া নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০ অক্টোবর সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
