জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক নুরুদ্দিন ভূঁইয়া আর নেই। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ সাংবাদকিতা জীবনে দৈনিক ইনকিলাবের চীফ রিপের্টার ছিলেন। এ ছাড়াও সিনিয়র এই সাংবাদিক অধুনালুপ্ত দৈনিক আজাদ, দৈনিক বাংলা, ঢাকা কুরিয়ার ও দৈনিক প্রভাতসহ বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আজ মঙ্গলবার বাদ ফজর বাসাবো কদমতলা জামে মসজিদে নামাজের জানাজা ও সকাল ১০টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে নুরুদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
