হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেলেইগ ম্যাকএনানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দুই ডেপুটিরও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। খবর সিএনএনের
স্থানীয় সময় সোমবার সকালে ফক্স নিউজের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল কেলেইগ ম্যাকএনানির। কিন্তু তিনি সকালে টুইটার বার্তায় জানান যে, করোনা ভাইরাস পরীক্ষায় তার পজিটিভি ফল এসেছে। তিনি কোয়ারেন্টাইনে যাচ্ছেন। তাই কেলেইগ ম্যাকএনানি অনুষ্ঠানে অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেন। প্রেস সেক্রেটারির দুইজন ডেপুটি চাদ গিলমার্টিন এবং ক্যারোলিন ল্যাভিটও করোনায় আক্রান্ত হয়েছেন বলে একটি সূত্র সিএনএনকে জানিয়েছে। হোয়াইট হাউজের প্রেস অফিসের কর্মকর্তারা বাসায় বসেই অফিস করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ কাজের জন্য অনেককেই অফিসে আসতে হয়। এর আগে হোয়াইট হাউজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
