সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে ধান মজুদ রাখার দায়ে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরাবাজার ও হাতিয়রবাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪চাতাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন। উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিতে ৪চাতাল ব্যবসায়ীকে মোট ৫৫হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধ ভাবে ধান মজুদ রাখার দায়ে উপজেলার পাঁচশিরাবাজার ও হাতিয়রবাজার এলাকায় গতকাল সোমবার বিকেলে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোবারক হোসেন পারভেজ পৃথক পৃথক ভাবে ৪চাতাল ব্যবসায়ীকে মোট ৫৫হাজার টাকা অর্থদণ্ড দেন। সরকারি বিধি মোতাবেক কোনো অনুমোদিত চাতাল মালিকরা ধান অধিক সময় ধরে অবৈধ ভাবে মজুদ রাখলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। এই অভিযান পরিচালনার সময় কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফারুক আলমগীরসহ সংবাদকর্মী ও পুলিশ উপস্থিত ছিলেন।
এই সময় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোবারক হোসেন পারভেজ বলেন, অবৈধ ভাবে ধান মজুদ রাখায় ৪ প্রতিষ্ঠানকে পৃথক পৃথক ভাবে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং ও খাদ্য শস্যরবাজার দর ঠিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, গোডাউনে থাকা সকল ধান বর্তমান মূল্যে দ্রুত বিক্রির আদেশ দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
