খুলনায় জুট মিল শ্রমিক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:১৭

খুলনায় জুট মিল শ্রমিক ইব্রাহিম (২৩) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। 

মঙ্গলবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. পারভেজ, কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু। এদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক। 

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর দুপুর ৩টার দিকে ফুলতলা উপজেলার দামোদর কারিকরপাড়া গ্রামের ইব্রাহিম দুপুরের ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের বাইতুর রহমত জামে মসজিদের সেফটিক ট্যাঙ্ক থেকে পুলিশ তার  লাশ উদ্ধার করে। এই ঘটনায় ওই দিন নিহতের পিতা ইসমাইল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আরো পড়ুন : নারীকে বিবস্ত্র করে নির্যাতন: অস্ত্র মামলায় দেলোয়ার রিমান্ডে

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই বজলুর রহমান বিশ্বাস ১৪ অক্টোবর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।


ইত্তেফাক/ইউবি