আবারো সরব হচ্ছে বাংলাদেশ শিল্পকলা প্রাঙ্গণ

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৪৩

নাট্যকর্মীদের বিনামূল্যে ভেন্যু বরাদ্দ

বিনোদন রিপোর্ট

 

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সব সাংস্কৃতিক কেন্দ্র। তার সঙ্গে মঞ্চ নাটকের প্রদর্শনীও ছিল বন্ধ। যদিও এরইমধ্যে কয়েকটি মঞ্চনাটক প্রদর্শনী হয়ে গেছে। তবে এখনো খোলেনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মহিলা সমিতি মঞ্চ ও নাট্যদলগুলোর মহড়া কক্ষে মঞ্চায়িত হয় নাটক। নাট্যদর প্রাচ্যনাট সম্প্রতি এই নাট্যমেলার আয়োজন করে। কাটাবনে তাদের নিজস্ব মহড়া কক্ষে এই আয়োজন করে নাট্যদলটি। তবে নাট্যকর্মীদের সবার প্রত্যাশা কবে আবারো সরব হবে সবার প্রাণের জায়গা শিল্পকলা। সবার অপেক্ষা কবে আবারো আলোকিত মঞ্চে প্রদর্শিত হবে নাটক।

অবশেষে সেই অপেক্ষার অবসান হলো সবার। দীর্ঘ ৭ মাস পর আগামী ২৩ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদের জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হল খোলার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য নির্দেশিকা মেনে এক তৃতীয়াংশ আসনের ব্যবস্থা রাখা হবে।

করোনা মহামারির কারণে থিয়েটার শিল্পে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিল্পকলা একাডেমি বিনামূল্যে থিয়েটার যোদ্ধাদের জন্য ভেন্যু বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। থিয়েটার হল প্রাথমিকভাবে প্রতি শুক্র ও শনিবার খোলা থাকবে। থিয়েটার ভেন্যু খোলার বিষয়ে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন একাডেমিতে একটি বৈঠক করে। সেখানে পুনরায় থিয়েটার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আগামী ২৩ অক্টোবর থেকে শিল্পকলা একাডেমির ৩টি ভেন্যু পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থিয়েটারপ্রেমীদের স্বাগতম। থিয়েটার যোদ্ধাদের জন্য আমরা স্বাস্থ্য নির্দেশিকা জারি করতে যাচ্ছি। দর্শকের বসার জন্য এক-তৃতীয়াংশ আসন ব্যবহার করা যাবে। কোন কোন আসন ব্যবহার করা যাবে তা নির্ধারণ করে দেওয়া হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভেন্যু বিনামূল্যে বরাদ্দ দেওয়া হবে।’