স্পোর্টস ডেস্ক
ম্যাচ হারলেও ব্যক্তিগত অর্জনের সুবাদে স্মরণীয় এক রাত কাটালেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান পেরিয়েছেন ৯ হাজার রানের মাইলফলক। তার চেয়ে কম ইনিংস খেলে এই মাইলফলক ছুঁতে পেরেছেন কেবল ক্রিস গেইল।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সোমবার ৪৩ রানের ইনিংসের পথে ৯ হাজার পেরিয়ে গেছেন কোহলি। ২৭১ ইনিংস লেগেছে তার এই উচ্চতায় পা রাখতে। ২৪৯ ইনিংসে ৯ হাজারে পৌঁছে এই রেকর্ডে দ্রুততম ব্যাটসম্যান গেইল।
সোমবার রাতে ৫৯ রানের বিশাল ব্যবধানে হারে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ক্যাপিটালসের ৪ উইকেট হারিয়ে করা ১৯৬ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে বেঙ্গালুরু।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন এই দুই জন। এখন অবশ্য গেইল কিংস ইলেভেন পাঞ্জাবে, তবে এবারের আসরে এখনো মাঠে নামতে পারেননি তিনি। কোহলি এই অর্জনের পথে ছাড়িয়ে গেছেন তার এখনকার বেঙ্গালুরর সতীর্থ অ্যারন ফিঞ্চকে। ২৭৩ ইনিংস লেগেছিল ফিঞ্চের।
