জকোভিচের ‘দেজা ভ্যু’

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৫৮

ফরাসি ওপেন

স্পোর্টস ডেস্ক

ইউএস ওপেনে অনিচ্ছাকৃতভাবে লাইন জাজকে বল দিয়ে আঘাত করে বিদায় নিতে হয়েছিল নোভাক জকোভিচকে। সে স্মৃতি সোমবার আরো একবার ফিরে ফিরে আসছিল। ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলয় কারেন খাচানভের সার্ভ ফেরাতে গিয়ে আঘাত করে বসেছিলেন লাইন জাজকে।

এবার সেটা খেলার অংশ ছিল বলে রক্ষা পেয়েছেন ‘জোকার’। তবুও জকোভিচ জানালেন, ইউএস ওপেন দুঃস্মৃতি আরো একবার মনে করিয়ে দিয়েছিল ঘটনাটা। বললেন, ‘খুবই বিশ্রী এক দেজা ভ্যু ছিল এটা। এরপর লাইন্সপারসনকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম, সে ঠিক আছে কি না এটা দেখতে। কারণ আমি দেখেছিলাম, আঘাতের পর কালশিটে পড়ে গিয়েছিল তার।’

তার ছাপ অবশ্য ম্যাচে পড়েনি আদৌ। টুর্নামেন্টে প্রথম ‘বড়’ প্রতিপক্ষকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন জকোভিচ। খাচানভকে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতাটির টানা ১১তম বারের মতো কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছেন। আর তিন আসরে এ কীর্তি দেখাতে পারলেই ছুঁয়ে ফেলবেন রাফায়েল নাদালের টানা ১৪ বার কোয়ার্টার ফাইনাল খেলার রেকর্ড।

নারী এককের চতুর্থ রাউন্ডের ম্যাচে সোফিয়া কেনিন পিছিয়েই পড়েছিলেন ফিওনা ফারোর বিপক্ষে। এরপর অবশ্য দুই সেট জিতে ২-৬, ৬-২, ৬-১ গেমে শেষ হাসি হাসেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী কেনিনই।