মানকাড আউট করতে কখনোই দ্বিধা করেন না রবিচন্দ্রন অশ্বিন। মাঠের বাইরেও এই আউটের পক্ষে বরাবরই সোচ্চার তিনি। সেই তিনিই কিনা এবার মানকাড না করে বাঁচিয়ে দিলেন অ্যারন ফিঞ্চকে! আইপিএলে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের তৃতীয় ওভারে এ ঘটনা ঘটে। কেন ছেড়ে দিলেন ফিঞ্চকে?—ম্যাচ শেষে টুইটারে অফ স্পিনার অশ্বিন নিজেই মিটিয়েছেন কৌতূহল। তিনি লিখেছেন, ‘স্পষ্ট করে দিতে চাই, ২০২০ সালের প্রথম ও শেষ হুঁশিয়ারি এটাই! আনুষ্ঠানিক জানিয়ে দিলাম, পরে যেন আমাকে আবার দোষ দেওয়া না হয়! আর হ্যাঁ, আমি আর অ্যারন ফিঞ্চ বেশ ভালো বন্ধু।’
